মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে দীর্ঘ অচলাবস্থার পর আবারও আংশিকভাবে সচল হতে শুরু করেছে হরমুজ প্রণালী। শিপিং ডাটার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ওমান, ফ্রান্স ও জাপান-সংশ্লিষ্ট একাধিক জাহাজ প্রণালীটি নিরাপদে অতিক্রম করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রান্সপন্ডারের সিগন্যাল বন্ধ করে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে ওমানের তিনটি ট্যাঙ্কার, ফরাসি একটি কন্টেইনার জাহাজ ও জাপানের একটি গ্যাস ক্যারিয়ার হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে।
সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জেরে ফেব্রুয়ারির শেষ দিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। পরবর্তীতে দেশটি জানায়, যেসব জাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই, সেগুলোকে সীমিত আকারে চলাচলের অনুমতি দেওয়া হবে।
এ প্রেক্ষাপটে ওমান পরিচালিত তিনটি তেলবাহী ট্যাংকার, একটি ফ্রান্স মালিকানাধীন কনটেইনার জাহাজ এবং একটি জাপানি মালিকানাধীন এলএনজি ক্যারিয়ার প্রণালীটি অতিক্রম করেছে। ফ্রান্স শিপিং কোম্পানি সিএমএ সিজিএম-এর একটি জাহাজ বৃহস্পতিবার প্রণালী পার হয়—যেদিন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, শুধুমাত্র কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই প্রণালীটি খোলা সম্ভব, কোনো সামরিক অভিযানে নয়।
জাহাজটি ইরানি জলসীমায় প্রবেশের আগে তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস)-এ গন্তব্য “ফ্রান্স মালিকানাধীন” দেখিয়ে জাতীয়তা সংকেত দেয়। তবে পারাপারের সময় বেশ কয়েকটি জাহাজ তাদের এআইএস সিস্টেম বন্ধ রাখায় ট্র্যাকিং ডাটায় সাময়িকভাবে তাদের সংকেত পাওয়া যায়নি।
ওমান শিপিং ম্যানেজমেন্ট পরিচালিত দুটি বড় ক্রুড ক্যারিয়ার ও একটি এলএনজি ট্যাংকারও একই দিনে উপসাগর ত্যাগ করে। উল্লেখ্য, ওমান এই সংকটের আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করেছিল এবং চলমান সংলাপের মধ্যেই হামলা চালানোয় সমালোচনা জানিয়েছে।
এদিকে জাপানের মিতসুই ও.এস.কে. লাইনস জানিয়েছে, তাদের সহ-মালিকানাধীন এলএনজি ট্যাংকার “সোহর এলএনজি” প্রণালীটি অতিক্রম করেছে—যা সংঘাত শুরুর পর প্রথম জাপান-সম্পৃক্ত এবং প্রথম এলএনজি জাহাজ হিসেবে এই রুট ব্যবহার করল। তবে কবে এবং কীভাবে এটি পারাপার হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
শুক্রবার পর্যন্ত জাপানি কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত প্রায় ৪৫টি জাহাজ এখনও ওই অঞ্চলে আটকে রয়েছে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।
জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য অনুযায়ী, মিতসুই-এর মালিকানাধীন তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) ট্যাংকার গ্রিন সানভিও শুক্রবার ইরানের আঞ্চলিক জলসীমা দিয়ে উপসাগর অতিক্রম করেছে। ভারতের পতাকাবাহী এ নৌযানটি তাদের গন্তব্যের জায়গায় ‘ভারতীয় জাহাজ ভারতীয় ক্রু’ লিখে রেখেছিল।
তথ্য থেকে আরও জানা গেছে, পানামার পতাকাবাহী বড় একটি গ্যাসবাহী নৌযানও একই পথ দিয়ে উপসাগর ছেড়েছে। নৌযানটি চীনের পথে রয়েছে।












