যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া তিনি বলেছেন, মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
ইতোমধ্যে ঢাকার দুই সিটিসহ ছয় সিটি করপোরেশনের নতুন প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগদান করেছেন। তারা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন।
নতুন ছয় প্রশাসক জানান, মশা নিধন, যানজট নিরসন, রাস্তাঘাট মেরামতসহ দুর্নীতি রোধে কাজ করবেন তারা। দীর্ঘদিন অকার্যকর থাকা সিটি করপোরেশনগুলোতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জনগণের সেবা নিশ্চিত করা হবে।
এ সময় সিটি নির্বাচন নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে। দলীয় প্রতীকে ভবিষ্যতে সিটি করপোরেশন নির্বাচন হবে কি না, তা সংসদ নির্ধারণ করবে।
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা ভালোভাবে কাজ করতে পারবেন, এজন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম জানান, পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত সরকারের নেই।










