সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৭ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তলিবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় সকাল ৬টার দিকে শ্রমিক বহনকারী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাদেরকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৮ জনে।

নিহত ব্যক্তিরা হলেন– সুনামগঞ্জের ধর্মপাশার স‌রিষা না‌র্গিস (৪৫), দিরাইয়ের সেচনী গ্রামের মোছা. মু‌ন্নি বেগম (৩৫), দিরাইয়ের ভা‌টিপাড়া গ্রামের নুরুজ আলী (৬০), ভা‌টিপাড়া নূর নগরের ফ‌রিদুল (৩৫), বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের দুই ভাই আজির উদ্দিন (৩৫) ও আমির উদ্দিন (২২); সিলেটের কোম্পানীগঞ্জের‌ শিবপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২০) ও পুটামারা গ্রামের বদরুজ্জামান (৪৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘ডিআই পিকআপে করে শ্রমিকরা সুনামগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিলেন।

আর কাঁঠালবাহী ট্রাক বিপরীত দিয়ে আসতে গিয়ে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। হাসপাতালে গিয়ে আরো ৪ জন মারা জান। ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।’

এ ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত দুই গাড়ির চালক পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘ট্রাকের হেল্পারকে আটক করা হয়েছে।

আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত ৪ জন ছাড়া বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।’