সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দীর্ঘ সময় নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সীমিত পরিসরে কথা বলতে পারছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার বিকেলে পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটা ভালো বোধ করছেন। তার শারীরিক প্যারামিটারগুলো এখন উন্নতির দিকে।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন সাবেক এই মন্ত্রী। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে জটিলতা ধরা পড়লে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে কেবিনে দেওয়া হয়েছে। তার স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং পরিবারের সদস্যরা বর্তমানে তার পাশে রয়েছেন। তারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।












