দীর্ঘ ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর টেকনাফ সীমান্তে আরাকান আর্মি’র গুলিতে আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু হুজাইফা মারা গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশু হুজাইফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা শওকত আলী বলেন, সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। আপনারা সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন।

এর আগে, গত ১১ জানুয়ারি সকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় শিশু হুজাইফা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফের হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে সেইদিন সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে শিশুটিকে লাইফ সাপোর্টে রাখা হয়। তখন চিকিৎসকেরা জানান, গুলিটি তার মস্তিষ্কে প্রবেশ করেছে।

এরপর উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে আনা হয়। সেখানে ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর আজ মারা গেছে।