লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদেমুল উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৯০৫/৬-এস এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করছিল। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুল ইসলাম মুখ, বুক ও মাথায় গুলিবিদ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় তিনি বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, প্রাথমিকভাবে বিএসএফের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে জানানো হবে বলে আশ্বস্ত করা হলেও পরবর্তীতে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছে।
অন্যদিকে বিএসএফের দাবি, পাগলামারী ক্যাম্পের কোনো সদস্য ওই রাতে গুলি ছোড়েনি এবং তাদের অস্ত্র ও গোলাবারুদ পরীক্ষায় ফায়ারিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে কোম্পানি ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করছে।












