সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আজ (রোববার, ২ আগস্ট) দুপুরে উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা নামক স্থানে বাকি দুই জনের ভাসমান মরদেহ পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ৩টার দিকে উপজেলার মইয়ার হাওরে বালুচর এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। পরে শনিবার (০১ আগস্ট) সকালের দুজনের ও রোববার (০২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা এলাকা থেকে বাকি দুজনের ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহতরা হলেন-জেলার জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩৫) এবং একই এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫), একই এলাকার অরুণ দেবনাথ (৪৫) ও পূর্ব ভবানীপুর এলাকার সত্যেন্দ্র নাথ সতী (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন একটি নৌকায় করে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার সময় মইয়ার হাওরের বালুচর এলাকায় প্রবল বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
নৌকায় থাকা ১০ জনের মধ্যে ছয়জন সাঁতার কেটে প্রাণে বাঁচলেও চারজন পানিতে নিখোঁজ হন। খবর পেয়ে শনিবার সকাল থেকেই সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের যৌথ ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অভিযানের পর শনিবার দুইজন এবং রোববার সকালে বাকি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
একই গ্রামের চারজনের মর্মান্তিক মৃত্যুতে পূর্ব ভবানীপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে চারজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।












