দেশে জ্বালানি তেল বিক্রির সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সে লক্ষ্যে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে অকটেন ২০ শতাংশ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ হারে বেশি সরবরাহ করা হবে। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় বিপিসি।
এর আগে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়ায় সরকার। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন নির্ধারিত দাম রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার জ্বালানি তেলের নতুন দাম হলো—অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা এবং ডিজেল ১১৫ টাকা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন দাম কার্যকর হওয়ার পর রোববার থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।
এর আগে ৩১ মার্চের অফিস আদেশে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা ও অকটেন ১২০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফেব্রুয়ারি ও মার্চে এ দামে জ্বালানি তেল বিক্রি হয়।
চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটারে ২ টাকা এবং ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম।











