সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে ১৪৪৭ হিজরির জিলহজ মাস গণনা শুরু হবে। ইসলামিক চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসেবে সৌদি আরবে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।

সৌদি আরবের দুই মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছে।

ইসলামিক নিয়ম অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই পবিত্র হজের তারিখ এবং ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপনের দিন নির্ধারিত হয়। চাঁদ দেখা যাওয়ায় নির্দিষ্ট নিয়ম ও সূচি অনুযায়ী হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বিশ্বজুড়ে আসা লাখ লাখ পুণ্যার্থী।

এই তথ্য নিশ্চিত হওয়ার পর দেশটিতে বসবাসরত মুসলিমদের পাশাপাশি বিশ্বজুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। পবিত্র এই মাসের গুরুত্ব বিবেচনা করে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি ও কোরবানির প্রস্তুতি নিতে শুরু করেছেন।