হজযাত্রা শুরুর পর গত পাঁচ দিনে বাংলাদেশ থেকে মোট ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ বুলেটিন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হজ যাত্রার পঞ্চম দিনে সকাল ১০টা পর্যন্ত মোট ৬৮টি ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন।

হজ অফিসের কর্মকর্তারা জানান, এ বছর সৌদির কোটা অনুযায়ী সরকারি–বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ হজযাত্রী পবিত্র হজপালনে সৌদি যাওয়ার কথা। গত শুক্রবার রাতে (১৮ এপ্রিল) হজ ফ্লাইট শুরুর আগেই সরকারি–বেসরকারি মোট ৭৮ হাজার ২৮৯ জন হজ যাত্রীর ভিসা হয়েছে। হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশসহ সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্স।

সৌদি আরবের মদিনা আল-মুনাওয়ারায় অবস্থানরত বাংলাদেশের হজযাত্রীরা ইবাদত-বন্দেগিতে ব্যস্ত সময় পার করছেন। পবিত্র মসজিদে নববিতে ৪০ ওয়াক্ত নামাজ আদায়ের লক্ষ্য নিয়ে তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারকে সালাম পেশ করছেন। ‘জান্নাতের টুকরা’খ্যাত রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের পাশাপাশি তারা ইসলামের ঐতিহাসিক নিদর্শনগুলো জিয়ারত করছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ হজযাত্রী হজ পালন করবেন।