রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৬ মার্চ) সকালে তিনি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগকে বিনম্রচিত্তে স্মরণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে রাজারবাগে সবচেয়ে বেশি পুলিশ সদস্য শহীদ হন এবং সেখান থেকেই প্রথম গণহত্যা শুরু হয়। পরবর্তীতে পাক হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালায়।
তিনি বলেন, এই বর্বর হামলাই মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা ত্বরান্বিত করে। যদি ওই রাতে আক্রমণ না হতো, তবে স্বাধীনতার ঘোষণা আরও কিছুটা দেরিতে আসতে পারত।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণহত্যার খবর পেয়ে চট্টগ্রামে অবস্থানরত অবস্থায় পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করেন এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। পরবর্তীতে তিনি বাঙালি সেনা সদস্যদের নিয়ে স্বাধীনতার পক্ষে ঘোষণা দেন। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাও পুনর্ব্যক্ত করা হয়।
এ সময় পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।












