স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাওয়া সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি কারাগারের ফটকে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
১২ ঘণ্টা প্যারোলে মুক্তির নির্ধারিত সময়ের মধ্যে বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৮ মিনিটে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বলে জানান মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এদিন সকাল ৬টা ১৫ মিনিটে তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কঠোর পুলিশি পাহারায় ঢাকায় নিয়ে আসা হয়। সকাল ৯টায় তিনি কলাবাগানের বাসায় পৌঁছান।
সেখান থেকে গুলশানের আজাদ মসজিদের জানাজা এবং রাজধানীর বনানী কবরস্থানে দাফন কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক এই মন্ত্রী।
দীপু মনির আইনজীবী ফয়সাল ইসলাম বলেন, “আমরা চার দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। জেলা প্রশাসক আমাদের ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।”
তিনি বলেন, দীপু মনির কারাবন্দির দুই বছর পূর্ণ হয়েছে। এর আগে তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। স্বামীর মৃত্যুর পর এবার প্যারোলে মুক্তির সুযোগ পেলেন তিনি।
কারাগার থেকে পুলিশ পাহারায় দীপু মনিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। প্যারোলের পুরো সময় তিনি পুলিশ পাহারায় ছিলেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তৌফিক নেওয়াজের মৃতদেহ সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে দীপু মনি স্বামীর লাশ দেখেন। এরপর মৃতদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে।
বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা ও দোয়া শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
এর আগে, দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ বুধবার দুপুরে মায়ের প্যারোলে মুক্তির জন্য মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার প্যারোলের সময় নির্ধারণ করা হয়।
প্যারোলে মুক্তির পর দীপু মনি স্বামীর জানাজা ও দাফনে অংশ নেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দীপু মনিকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রাখা হয়েছে।












