চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। ভৌগোলিক অবস্থান অনুযায়ী, পবিত্র মক্কা নগরীতে ১৯ জন এবং মদিনা শরিফে ৯ জন হজযাত্রী শেষনিশ্বাস ত্যাগ করেন।
সোমবার (২৫ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিসের পক্ষ থেকে যৌথভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৭৩ হাজার ৯২৬ জন। এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি এবং সরকারি কারিগরি ও প্রশাসনিক টিমের সদস্য রয়েছেন আরও ৭৭৪ জন।
বাংলাদেশ থেকে এই বিশাল সংখ্যক হজযাত্রী পরিবহনে মোট ২০১টি বিশেষ ফ্লাইট সফলভাবে পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস একাই পরিচালনা করেছে ৯৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইট পরিচালনা করেছে।
তিন এয়ারলাইনসের যাত্রী বণ্টনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৩৮৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে গেছেন ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।
উল্লেখ্য, সৌদি আরবের নিয়ম ও পঞ্জিকা অনুযায়ী আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবের উদ্দেশ্যে বিমান যাত্রা শুরু হয়েছিল গত ১৮ এপ্রিল এবং হজের সর্বশেষ ফিরতি বা শেষ ফ্লাইটটি ঢাকা ত্যাগ করেছে গত ২১ মে। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিদের নিয়ে বাংলাদেশে ফেরার প্রথম ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হবে এবং ফিরতি এই কার্যক্রম আগামী ৩০ জুন পুরোপুরি শেষ হবে।












