বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ ও বেসরকারিভাবে গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন।
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইটি ও হেল্পডেস্কের কার্যক্রম পুরোদমে চলছে। মক্কা ও মদিনায় স্থাপিত চিকিৎসা কেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন ধরনের ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা (আরাফাহর ময়দানে অবস্থান) অনুষ্ঠিত হবে।












