হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে মুক্ত করতে যুক্তরাষ্ট্র অভিযান শুরু করতে চলেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই উদ্যোগকে সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে নতুন করে সতর্কতা জারি করেছে ইরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রোববার (৩ মে) ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, সোমবার থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগের মাধ্যমে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে তার প্রতিনিধিদের আলোচনা ‘খুব ইতিবাচকভাবে’ চলছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে এই উদ্যোগটি হবে একটি মানবিক পদক্ষেপ, ‘যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং বিশেষ করে ইরানের পক্ষ থেকে’।

তিনি বলেন, ‘আমি আমার প্রতিনিধিদের বলেছি, যেন তারা জানায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের জাহাজ ও নাবিকদের নিরাপদে প্রণালী থেকে বের করে আনতে।

তিনি আরও জানান, এই জাহাজগুলোর অনেকটিতেই খাবার এবং বিশাল ক্রু সদস্যদের সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে থাকার জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসের অভাব দেখা দিচ্ছে। তিনি সতর্ক করে দেন, এই অভিযানে কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে তা দুর্ভাগ্যবশত কঠোরভাবে মোকাবিলা করতে হবে।যদিও ট্রাম্প এই উদ্যোগকে ‘মানবিক পদক্ষেপ’ হিসেবে তুলে ধরেছেন, তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে বা ইরানের সঙ্গে কোনো সমন্বয় থাকবে কি না, তা স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ কার্যকর হলে গত ৭ এপ্রিল থেকে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।

এদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে যেকোনো মার্কিন হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর কোনো কাল্পনিক ঘোষণায় পরিচালিত হবে না।’