যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।’
আরাঘচি আরও জানান, ‘ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থা কর্তৃক পূর্বঘোষিত সমন্বিত রুট অনুযায়ী এই চলাচল অব্যাহত থাকবে’।
এর আগে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
ট্রাম্প বলেন, ‘এই দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’
তিনি আরও জানান, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা বৈঠকে বসেন।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প তার বার্তায় দাবি করেন, তিনি ইতোমধ্যে বিশ্বের ৯টি যুদ্ধ সমাধান করেছেন এবং এটিকে তার ১০ম সফল উদ্যোগ হিসেবে দেখতে চান। তিনি বলেন, ‘এটি সম্পন্ন করা আমার জন্য গর্বের বিষয় হবে।’












