ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্পূর্ণরূপে তাদের অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস’। ইসরাইলের জোরালো আপত্তির পরই আন্তর্জাতিক এই সংস্থার অবস্থান স্পষ্ট করা হলো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে পর্যায়ক্রমিক নিরস্ত্রীকরণ চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছিলেন, ধাপে ধাপে সেনা সরানো হবে। ওই প্রস্তাবে মিশরের শারম আল-শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি অনুযায়ী অবাধ মানবিক সহায়তা ও চিকিৎসা সুবিধা চালুর কথাও ছিল। তবে হামাস এই চুক্তি বাস্তবায়নে ইসরাইলের প্রতিশ্রুতি পূরণের ওপর জোর দেয়।
অন্যদিকে ইসরাইল তা প্রত্যাখ্যান করে জানায়, হামাস পুরোপুরি অস্ত্রহীন না হওয়া পর্যন্ত গাজার ‘ইয়েলো লাইন’ বা তাদের নিয়ন্ত্রণরেখা থেকে এক পা-ও পিছু হটবে না তারা।
সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর বোর্ড অব পিসের পরিচালক নিকোলাই ম্লাদেনভ জানান, হালকা ও ভারী অস্ত্রসহ হামাসের সুড়ঙ্গ কাঠামোর সম্পূর্ণ নিরস্ত্রীকরণই ইসরাইলি সেনা প্রত্যাহারের একমাত্র পূর্বশর্ত।
ফলস্বরূপ, অস্ত্র সমর্পণ ও সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সময়সূচি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগের মাঝেও ট্রাম্প প্রশাসন, ইসরাইল ও হামাসের মধ্যকার মতপার্থক্য এখনো অমীমাংসিতই রয়ে গেল।












