সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে ৪ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯২ জন। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৭৬ জন মারা গেছে। বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ৯২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭২ শিশুর।

১৫ মার্চ থেকে বুধবার (১৫ জুলাই) পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ৮৭৮ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৯৩ হাজার ২৬০ জন হাসপাতাল ছেড়েছে।