দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর শরীরে হামের স্পষ্ট উপসর্গ ছিল, তবে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো রেকর্ড এই সময়ে হয়নি। এই নিয়ে চলতি বছরের গত ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৪ জন শিশুর মৃত্যু হলো। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে এই চার মাসে হাম ও হামের উপসর্গজনিত কারণে দেশে মোট ৭৭৯ জন শিশুর অকাল মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নতুন করে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৯৭ শিশু এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৪ জনে। এই একদিনেই সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৯৪১ জন শিশু নতুন করে ভর্তি হয়েছে, বিপরীতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ হাজার ১৫ জন শিশু।












