দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯ জন শিশু। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৫৩ শিশুর। আর নিশ্চিত হামে আরও ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৪৯ শিশু প্রাণ হারিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১২৩ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত শিশুর সংখ্যা ৮৯৬। এই সময়ে ৮৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৯৯৮ শিশু।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৯৪৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৩১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৪ হাজার ৩৯৩ শিশু, যাদের মধ্যে ১ লাখ ১০ হাজার ১৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।