সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৮১৬ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাম ও উপসর্গের রোগী ৬৯১ জন জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭২১টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮১৬টি শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৭৮ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৬১৩। এই সময়ে ৫৮১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪৭৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৬৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ২৭২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।