সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮০৫ জনে দাঁড়িয়েছে। এছাড়াও গত একদিনে নতুন করে আরও এক হাজার ১৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্যটি জানানো হয়।

বার্তা অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সুনামগঞ্জ ও গাইবান্ধায় সন্দেহজনক হামে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮০৫ জনে।

এছাড়া, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৬ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৫ হাজার সাতজনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সেই সঙ্গে নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮৪৮ জন। এর ফলে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ২১ হাজার ২০০ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট এক লাখ তিন হাজার ৮৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে এক লাখ ১৮৮ জন ছাড়পত্র পেয়েছেন।