সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। নতুন চার মৃত্যুর মধ্যে তিনটি ঢাকা বিভাগে এবং একটি সিলেট বিভাগে হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৭৮৮ জনের মৃত্যুর মধ্যে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬৯৩ জন, যাদের ক্ষেত্রে পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হয়নি।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এখানে মৃতের সংখ্যা ৩০২। এরপর সিলেটে ৯৮, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৬৬, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, খুলনায় ৩১ এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৩৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৬ হাজার ৫২১ জন।

এ ছাড়া একই সময়ের মধ্যে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনের। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৪ হাজার ৪৩১ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং জ্বর বা র‍্যাশের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।