দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। এ সময় নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪১ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয় জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১১ মে সকাল পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৬৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩৪১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫০ হাজার ৫০০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৮ জন, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৯৩৭ জন।

১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ হাজার ৯৯২ জন।