দেশে গত চব্বিশ ঘণ্টায় হাম এবং এর বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে এই রোগে সংক্রমিত হয়েছেন আরও এক হাজার ছশত একত্রিশ জন। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, বুধবার (২০ মে) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (২১ মে) সকাল আটটা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যুর ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ২০৮। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ২৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ শিশু।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। মোট মৃত্যু ৪৮৮ জন।












