অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান ভারতীয় সংগীতশিল্পী আশা ভোসলে। শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার। তার অবস্থা সংকটাপন্ন। ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসা চলছে।
প্রায় আট দশকের কর্মজীবনে বিভিন্ন ভারতীয় চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন কিংবদন্তি এ গায়িকা । তার ঝুড়িতে রয়েছে অসংখ্য পুরস্কার। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হন তিনি।
আশার নাতনি জ়ানাই ভোঁসলে তার এক্স হ্যান্ডলে গায়িকার স্বাস্থ্যের খবর জানিয়ে লিখেছেন, ‘আমার দিদিমা আশা ভোঁসলে ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি। চিকিৎসা চলছে। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আগামী দিনে যা-ই হবে, আমরা আপনাদের জানাবো।’












