বৈষম্যবিরোধী আন্দোলনকালে হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০টি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (১০ মে) সকালে আপিল বিভাগ এ আদেশ দেন।

এর ফলে কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

তিনি বলেন, জামিন পাওয়া ১০ মামলার মধ্যে ছয়টি হত্যা মামলা। বাকি মামলাগুলো পুলিশের ওপর হামলা, সহিংসতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা হয়েছে।

এ ছাড়া আরও দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সেলিনা হায়াৎ আইভী।

এই দুই মামলার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আপিল করেছে উল্লেখ করে মোতাহার হোসেন সাজু বলেন, সেগুলো এখনো শুনানির জন্য আসেনি।