টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এর আগে, ৮ জুলাই এক বিজ্ঞপ্তিতে ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসক স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থার অবনতি এবং দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় গত ৮ জুলাই জারি করা জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময়ের মধ্যে বান্দরবানের সকল পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের ভ্রমণ এবং ট্যুর অপারেটরদের কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সাধারণ জনগণকেও এসব এলাকায় যাতায়াত থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ছিল।