২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। এর আগে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট) পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে মার্চে পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা চলছিল। শিক্ষা বিভাগের কর্মকর্তারাও মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরুর সম্ভাবনার কথা জানিয়েছিলেন। এবার সেই সময়সূচিই চূড়ান্ত করা হলো।

এর ফলে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারির পরিবর্তে মার্চে শুরু হচ্ছে। অনুমোদিত সময়সূচি অনুযায়ী আগামী ১৪ মার্চ থেকে পরীক্ষা নেওয়া হবে।

এর আগে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী, লিখিত পরীক্ষা ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

গত মে মাসে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। ওই সংবাদ সম্মেলনের পর সম্ভাব্য সময়সূচিও সাংবাদিকদের দেওয়া হয়।

সেই সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে পরীক্ষা মার্চে নেওয়ার সিদ্ধান্ত হয়।