নতুন বছর শুরু হতে আরো ৫ মাস বাকি। তবে এর মধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের চোখ ২০২৭ সালের ক্যালেন্ডারে। কবে নাগাদ আসন্ন পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে, আর কবেই বা পবিত্র ঈদুল ফিতর পালিত হবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই।

আগামী বছরের (২০২৭) পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর কবে হতে পারে, সে বিষয়ে সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ। জ্যোতির্বিজ্ঞান হিসাবের আলোকে প্রকাশিত এ তথ্যে ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারসংক্রান্ত একটি ওয়েবসাইটেও একই দিনকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি, শনিবার রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। তবে সেদিন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি, রোববার হবে শাবান মাসের শেষ দিন এবং ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই প্রতিবেদনে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য সময়ও উল্লেখ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে হিসেবে ৮ মার্চ, সোমবার রমজান মাস শেষ হবে এবং ৯ মার্চ, মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে উল্লেখ্য, এগুলো কেবল জ্যোতির্বিজ্ঞানভিত্তিক সম্ভাব্য হিসাব। ইসলামি শরিয়ত অনুযায়ী, রমজান মাসের সূচনা ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্ধারিত হয়।

এছাড়া ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে বাংলাদেশে অনেক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় রমজান ও ঈদুল ফিতর এক দিন পরে পালিত হয়ে থাকে।