রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারিত হয়েছে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট। সেদিন সংসদ অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে ৫টা চলবে ভোট।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৫ (৩) অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে জাতীয় সংসদের স্পিকারে আলোচনা ক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের এই তফসিল ঘোষণা করছি।
তিনি বলেন, আমরা ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা এবং তফসিল রেডি করে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিউর আছে সেটুকু আমরা সম্পন্ন করবো।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নির্বাচনের মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের পূর্ণাঙ্গ দিনক্ষণ সম্পর্কিত বিস্তারিত সময়সূচি শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়। গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে স্পিকারের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।












