দেশের সার্বিক স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন ও জনবল সংকট নিরসনে আগামী তিন মাসের মধ্যে সাড়ে ৭ হাজার চিকিৎসক এবং সাড়ে ৭ হাজার নার্স নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে সাড়ে ৭ হাজার চিকিৎসক এবং সাড়ে ৭ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে হাসপাতালগুলোতে জনবলসংকট কমিয়ে চিকিৎসাসেবা আরও কার্যকর করার চেষ্টা করা হবে।
তিনি বলেন, বর্তমানে টিকা না নেওয়া শিশুরাই তুলনামূলকভাবে বেশি হামে আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতিতে চলতি মাসে আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু করা হবে। শিশুদের সময়মতো টিকা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা আইন প্রণয়নের কাজ করছে সরকার।
এ ছাড়া বিএনপি ক্ষমতা গ্রহণের পর দেশের হাসপাতালগুলোতে সেবার মান উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন হলে দেশের বিভিন্ন হাসপাতালের জনবলসংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।












