দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষে এক বছরের জন্য নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম শফিকুর আলম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে প্রকৌশলী বেলায়েত হোসেনকে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নেতৃত্বে থাকবেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবুল কালাম আজাদ।
অন্যদিকে, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন রেজাউল হাসান লোদী। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সামসুজ্জামান সামু। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার। এছাড়া কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মাশুকুল ইসলাম রাজিব।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব গ্রহণের আগে অন্য কোনো চাকরি, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যানদের নিয়োগসংক্রান্ত অন্যান্য সুবিধা, দায়িত্ব ও শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।











