আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ দুই দশকের বেশি সময়ের এক বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানতে চলেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচ খেলে পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি। আন্তর্জাতিক ক্রীড়ামাধ্যমের সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি হতে পারে পর্তুগালের হয়ে রোনালদোর শেষ আন্তর্জাতিক উপস্থিতি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। এবার সেই আলোচনা বাস্তবে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোনালদোর সম্ভাব্য বিদায়ের মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় দলও নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। সম্প্রতি চার বছরের চুক্তিতে দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। দায়িত্ব গ্রহণের পরই তিনি জানিয়েছেন, হঠাৎ করে দলে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা তার নেই।

দেশটির টেলিভিশন চ্যানেল ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে জেসুস বলেন, নতুন কোচ এলেই সবাই ব্যাপক পরিবর্তনের প্রত্যাশা করেন। তবে বাস্তবতা ভিন্ন। স্বল্প সময়ে অনেক নতুন খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ নেই এবং তিনি এমন সিদ্ধান্ত নেবেন না যা দলের ভারসাম্য নষ্ট করে।

৪১ বছর বয়সী রোনালদো আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের মালিক। পর্তুগালের হয়ে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১৪৬। দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলে তিনি ইউরো চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশনস লিগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

চলতি বছরের বিশ্বকাপ ছিল রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। শেষ ষোলোতে স্পেনের কাছে পর্তুগালের বিদায়ের পর তিনি আবেগাপ্লুত হয়ে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে তিনি বলেন, বিশ্বকাপের যাত্রা শেষ হলেও জাতীয় দল থেকে অবসর নেওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেবেন না।

গোল ডটকমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর রোনালদো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান, তাহলে সেটিই হবে পর্তুগালের জার্সিতে তার ঐতিহাসিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে সফল ও দীর্ঘ ক্যারিয়ারগুলোর একটির সমাপ্তি ঘটবে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি সম্ভাবনার পর্যায়েই থাকছে।