দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮২৫ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই তিন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৩০ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৫ হাজার ৫৫৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন ছাড়পত্র পেয়েছেন।












