যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির প্রত্যন্ত পশ্চিমাঞ্চলে একটি রাডার স্থাপনার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) ও সামরিক কর্মকর্তারা।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, সিকিউরিটি এভিয়েশন পরিচালিত সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাঙ্করেজ থেকে উড্ডয়ন করে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে কেপ নিউেনহামের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে গন্তব্যের কাছে কেপ নিউেনহাম বিমানবন্দর এলাকায় এটি বিধ্বস্ত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, বিমানে ২ জন পাইলট ও ৬ জন যাত্রী ছিলেন। আলাস্কান কমান্ড নিশ্চিত করেছে, বেসামরিক চুক্তিবদ্ধ ওই বিমানে সামরিক বাহিনীর ৮ জন কর্মী ছিলেন এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল কারো বেঁচে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

দুর্ঘটনাকবলিত বিমানটিকে সেসনা ৪৪১ মডেলের বলে শনাক্ত করা হয়েছে; যা অ্যাঙ্কোরেজভিত্তিক চার্টার বিমান সংস্থা সিকিউরিটি অ্যাভিয়েশন পরিচালনা করত।

বিমান দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি। দুর্গম অঞ্চলে সেবা দেওয়া চার্টার কোম্পানিটির নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, আমি সিকিউরিটি অ্যাভিয়েশনের বিমানে চড়ে আলাস্কার বিভিন্ন প্রান্তে বহু ভ্রমণ করেছি এবং তাদের অনেক অভিজ্ঞ পাইলটের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে।

তিনি আরও বলেন, ইউএস কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপার্স এবং রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারসহ বেশ কয়েকটি সংস্থা দুর্ঘটনার পর উদ্ধারকাজে এগিয়ে এসেছে।

আলাস্কান নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড অঞ্চল ও একাদশ এয়ার ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস বলেছেন, বিমানে থাকা যাত্রীরা কঠিন পরিবেশে গুরুত্বপূর্ণ মিশন বাস্তবায়নের কাজে নিয়োজিত নিবেদিতপ্রাণ পেশাদার কর্মকর্তা ছিলেন।

আলাস্কার আকাশসীমায় চলাচলকারী বিমানের ওপর নজর রাখা ওই রাডার কেন্দ্রে দুর্ঘটনাকবলিত ব্যক্তিরা নির্দিষ্টভাবে কী কাজ করছিলেন, তা আলাস্কান কমান্ডের বিবৃতি থেকে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

ডেভিস বলেন, এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যাদের সেবা দিই, সেই জনগোষ্ঠীর জন্য এক হৃদয়বিদারক ক্ষতি। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিওনাল সাপোর্ট সেন্টার এই রাডার কেন্দ্রটি পরিচালনা ও তদারকি করে থাকে।