সাংবিধানিক বিধান পূর্ণাঙ্গভাবে মেনে সরকার স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, বিগত সরকারের আমলে যেভাবে নির্বাচন পরিচালনা করা হতো, বর্তমান গণতান্ত্রিক সরকার কোনোভাবেই সেই ধারাবাহিকতায় নির্বাচন করবে না। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইনি কাঠামোর মধ্যে সম্পন্ন করা হবে।

দুর্নীতির বিষয়ে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। অভিযোগের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনার কথা উল্লেখ করে তিনি আরও জানান, তাঁদের দল প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।