জামালপুরে গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে মো. ছাত্তার আলী (৪০), কয়ড়ার পাড় এলাকার মৃত শামছুল হকের ছেলে মো. আব্দুল মালেক (৪২) এবং একই এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো. আনু (৩০)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ওই নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকায় থাকেন। এ কারণে সন্তানকে নিয়ে জামালপুরের রশিদপুরে নিজ বাড়িতে বসবাস করতেন তিনি। একা থাকার সুযোগে প্রতিবেশী ছাত্তার আলী দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
২০২৪ সালের ১৯ অক্টোবর রাত ১১টার দিকে ছাত্তার আলী ও তার সহযোগীরা ভুক্তভোগীকে নিজ ঘর থেকে তুলে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী নারী বাদী হয়ে জামালপুর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।












