ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ইসির পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটে ২৯৯টি আসনে নির্বাচন হয়েছে। নির্বাচনে দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী শেষ দিকে মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট স্থগিত রেখেছে কমিশন। এই আসনের চার লাখ ১৩ হাজার ৩৩৭ জন ভোটার এবার ভোট দেওয়ার সুযোগ পাননি।

ফলে ২৯৯ আসনের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন। এদের মধ্যে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। ২৯৯ আসনের ভোটে ৫০টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বিতায় ছিল ২,০২৮ জন।

গেল ১২টি নির্বাচনে ভোট পড়েছিল যথাক্রমে ৫৫%, ৫১.১২%, ৫৯.৫৮%, ৫৪.৯২%, ৫৫.৪৫%, ২৬.৫%, ৭৪.৯৬%, ৭৫.৫৯%, ৮৭.১৩%, ৪০.০৪%, ৮০.২০% এবং ৪১.৮%।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম ভালো, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

সিইসি বলেছেন, নির্বাচন কমিশন জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে।অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচন যেকোনো মানদণ্ডে অধিক গ্রহণযোগ্য ও আস্থাযোগ্য হিসেবে বিবেচিত হবে।