ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের (সিরি-এ) চতুর্থ রাউন্ডে অবশেষে জয়ের মুখ দেখল সান্তোস। বৃহস্পতিবার রাতে ভিলা বেলমিরো স্টেডিয়ামে নেইমারের জাদুকরী জোড়া গোলে ভাস্কো দা গামাকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে সান্তোসের কোচ হুয়ান পাবলো ভোজভোদা আপাতত বরখাস্ত হওয়ার হাত থেকে রক্ষা পেলেন

এই জয়ে চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৩ নম্বরে থাকা দলটির এটি চলতি মৌসুমের প্রথম জয়। চোট কাটিয়ে ফেরা নেইমার নিজের পারফরম্যান্স দেখিয়ে দিয়ে সমালোচকদের জবাবও দিয়েছেন।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা নেইমার ২৫ মিনিটে দারুণ ফিনিশিংয়ে প্রথম গোলটি করেন। গোলের পর গ্যালারির দিকে চুপ থাকার ইঙ্গিত দেন তিনি। পরে কর্নার ফ্ল্যাগের পাশে গিয়ে তার জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুস জুনিওরের ভঙ্গিতে নেচে গোল উদযাপন করেন।

তবে এগিয়ে যাওয়ার পরও স্বস্তিতে থাকতে পারেনি সান্তোস। প্রথমার্ধের শেষদিকে কাউন বারোসের গোলে সমতা ফেরায় ভাস্কো দা গামা। ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ৬১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে জয়সূচক গোলটি আদায় করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন নেইমার।

ফ্রান্সে খেলার সময় (পিএসজি বনাম লিঁও) ২০২০ সালে মেন্দেসের এক ট্যাকলে নেইমার মারাত্মক চোট পেয়েছিলেন। আজ প্রথমার্ধে মাঠেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং নেইমার তার এই প্রতিদ্বন্দ্বীকে ‘টাফ গাই’ বলে কটাক্ষ করেন। প্রথমার্ধে সান্তোস লিড নিলেও ভাস্কোর বারোস গোল করে সমতা ফিরিয়ে আনেন। তবে দ্বিতীয়ার্ধে সান্তোস মাঝমাঠ নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণের ধার বাড়ায়।

ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্তটি আসে যখন উইলিয়ান আরঁ-র একটি অসাধারণ লং পাস নিয়ন্ত্রণে নিয়ে নেইমার ভাস্কোর গোলরক্ষক লিও জারডিমের মাথার ওপর দিয়ে আলতো চিপ করে বল জালে পাঠান।