রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। বুধবার (১৮ মার্চ) ইফতারের পর হঠাৎ করেই বিদ্যুৎ চমকানোর সঙ্গে ঝুমবৃষ্টি শুরু হয়। একই সঙ্গে পড়তে শুরু করে শিলা। হঠাৎ এ বৃষ্টিতে বিপাকে পড়ে রাজধানীবাসী।

 আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।তবে আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আপাতত প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ অবস্থায় আগামী কয়েক দিন সন্ধ্যা বা রাতের দিকে এমন ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে তারা জানায়।