ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে ‘ভালো ও ফলপ্রসূ’ আলোচনার পর সোমবার তিনি এই সিদ্ধান্ত জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গত শনিবার ট্রাম্প হুমকি দেন, ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার হুমকির জেরে পাল্টা হুমকি দেয় ইরান। দেশটি জানায়, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলো লক্ষ্য করে হামলা চালাবে।
ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রায় শেষ দিকে চলে এসেছে। তার আগেই তিনি হামলার পরিকল্পনা স্থগিতের কথা বলছেন।
এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প সোমবার (২৩ মার্চ) লিখেছেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা বা শত্রুতা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।”
“আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যেন আগামী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা না করা হয়। তবে এই বিষয়টি আমাদের চলমান বৈঠকের সফলতার ওপর নির্ভর করবে।”
ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা হওয়ার কথা বললেও ইরান এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি। তবে ইরান গত কয়েকদিন ধরেই বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো ধরনের আলোচনা করবে না।











