যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির সব শর্ত কিংবা দাবি মেনে নেওয়া না হলে ইরানে আজকেই একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যেতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই হুমকি দিয়েছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে—যা আর কখনো ফিরে আসবে না। আমি এটা চাই না, কিন্তু সম্ভবত সেটাই ঘটবে।’
তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
এর আগে তিনি বলেছিলেন, ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেশটিকে ‘পাথর যুগে’ ফিরিয়ে নেওয়া হবে।
হরমুজ প্রণালিতে অবরোধ তুলে নিতে ইরানকে গ্রিনউইচ মান সময় (জিএমটি) মঙ্গলবার মধ্যরাত (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প।
তবে ট্রাম্প তার পোস্টে শেষ মুহূর্তে সমঝোতার জন্য পথ খোলা রেখেছেন।তিনি লিখেছেন, ‘যেহেতু এখন সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ শাসন পরিবর্তন হয়েছে, সেখানে আরও বুদ্ধিমান ও কম উগ্রপন্থি মানসিকতার মানুষজন এসেছে, হয়তো অসাধারণ কিছু ঘটতে পারে—কে জানে? আজ রাতেই দেখা যাবে।’
ইরানের প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতি যথেষ্ট নয় বলে ইতোমধ্যে জানিয়েছেন তিনি। ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত থেকে ‘ইরানের প্রতিটি সেতু’ ধ্বংস ও ‘প্রতিটি বিদ্যুৎকেন্দ্র অচল’ করে দেওয়ার হুমকি এক দিন আগেই দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরান শুধু যুদ্ধবিরতি নয়, পুরো যুদ্ধের সমাপ্তি চায়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে টানা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথবাহিনী।











