চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬১ জন। স্থানীয় সময় সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে প্রদেশটির রাজধানী চাংশায় অবস্থিত হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এ বিস্ফোরণ ঘটে। আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত এই এলাকাটিতে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর একটি বড় এলাকা জুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে, অনেক ভবন ধসে পড়েছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। তবে রয়টার্স এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
দক্ষিণ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে প্রায় ৫০০ জন দমকলকর্মী, উদ্ধারকর্মী এবং চিকিৎসাকর্মী কাজ করেছেন।
সংবাদমাধ্যম জানায়, হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই বিস্ফোরণ ঘটে। তবে কোম্পানিটির সঙ্গে যোগাযোগের জন্য কোনো ফোন নম্বর খুঁজে পায়নি রয়টার্স।
এ ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করতে এবং দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন। তিনি গুরুত্বপূর্ণ শিল্পখাতে ঝুঁকি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ জোরদার, জননিরাপত্তা বৃদ্ধি এবং মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেছেন।












