ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ধরে যায়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ রবিবার (১৭ মে) ভোর প্রায় সাড়ে ৫টার দিকে আগুন লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। তার আগেই তাদের উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের সময় ওই আক্রান্ত বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন। ট্রেনের ভেতর ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রেলকর্মীরা দ্রুততার সঙ্গে সব যাত্রীকে নিরাপদে বের করে ট্রেনের অন্য বগিতে স্থানান্তর করেন।

এরপর আগুন যেন পুরো ট্রেনে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য ক্ষতিগ্রস্ত বগিটি বাকি অংশ থেকে আলাদা করে সেটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত বগিটি থেকে তীব্র কালো ধোঁয়া বের হচ্ছে এবং আগুনের তাপে লাইনের পাশের কয়েকটি গাছেও আগুন ধরে গেছে।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া যাত্রীদের ট্রেনের বাকি বগিগুলোতে বসিয়ে কোটা স্টেশন পর্যন্ত নেওয়া হচ্ছে। সেখানে ট্রেনটিতে নতুন একটি অতিরিক্ত বগি যুক্ত করা হবে। এরপর যাত্রীরা আবার নিজ নিজ আসনে বসে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।

১২৪৩১ নম্বরের এই রাজধানী এক্সপ্রেস ট্রেনটি গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল। আজ দুপুর সাড়ে বারোটায় দিল্লির নিজামুদ্দিন স্টেশনে ট্রেনটির পৌঁছানোর কথা ছিল। অগ্নিকাণ্ডের শিকার হওয়ার আগে ট্রেনটি ইতোমধ্যে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছিল এবং গন্তব্য দিল্লি থেকে তখনো প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।