ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোর পর শেষ পর্যন্ত রাজ্যের বিধানসভা ভেঙে দিয়েছেন গভর্নর আর. এন. রবি। স্থানীয় সময় বুধবার (৬ মে) গভীর রাতে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
রাজভবনের প্রকাশিত এক সংক্ষিপ্ত নির্দেশনায় বলা হয়েছে, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২(খ) ধারা অনুযায়ী ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়া হলো। খবর এনডিটিভির।
রাজ্যপাল ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মন্ত্রিসভা ভেঙ্গে দেন। জারিকৃত বিবৃতিতে রাজ্যপাল বলেন, ‘সংবিধান মেনে আমি চলতি বছরের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।’
৭১ বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ার আঁকড়ে ধরেছিলেন। তার অভিযোগ, রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট লুটপাট ও ইভিএম কারচুপির করেছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন তার দলকে ক্ষমতাচ্যুত করার জন্য গেরুয়া শিবিরের সঙ্গে আঁতাত করেছে এবং বিজেপি ‘অনৈতিকভাবে’ জয়ী হয়েছে।
কেন্দ্রীয় সরকারের সাবেক সচিব জওহর সরকার বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ গতকাল শেষ হয়েছে। এখন নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত রাজ্যপালকে রাজ্যের অন্তর্র্বতীকালীন দায়িত্ব পালন করতে হবে।












