উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ শনিবার ভারতের নয়াদিল্লিতে শুরু হতে হচ্ছে। সম্মেলনকে ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও।

বিশ্বনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও ভিভিআইপি সড়কে নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী স্থাপন করেছে উচ্চপ্রযুক্তির বিশেষ নিয়ন্ত্রণকক্ষ। সেখান থেকে বিশ্বনেতাদের বহরের চলাচল এবং রাজধানীর সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

সম্মেলনে অংশ নিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরা সরাসরি সম্মেলনে অংশ নিচ্ছেন।

আলোচনায় অর্থনীতি ও ভূরাজনীতি

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবারের ব্রিকস সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিশ্বনেতাদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের প্রভাব ক্রমেই বাড়তে থাকায় এবারের সম্মেলনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে।