ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উভয় পক্ষকে উত্তেজনা কমিয়ে সংঘাত বন্ধ করার অনুরোধ জানান। সোমবার (৮ জুন) তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় ট্রাম্প এ আহ্বান জানান।
পোস্টে তিনি উভয় দেশকে পাল্টাপাল্টি হামলা থামানোর জোরালো আহ্বান জানান। এপ্রিলের যুদ্ধবিরতির পর এটাই দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতের ঘটনা।
সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরাইলের মধ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।
এই সংঘাত আঞ্চলিক গণ্ডি পেরিয়ে বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এমন এক সংকটময় মুহূর্তে ট্রাম্পের এই বার্তা দুই দেশের প্রতি সংঘাত থামানোর জন্য একটি বড় ধরনের রাজনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল যে, ওয়াশিংটন এই অঞ্চলে আর কোনো বড় ধরনের যুদ্ধ দেখতে চায় না।
ট্রাম্পের এই সংক্ষিপ্ত ও স্পষ্ট বার্তা মূলত সেই অবস্থানকেই আরও জোরালো করল। তবে মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বানে ইরান বা ইসরাইল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।












