ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) বরাতে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, ভারতে অনুপ্রবেশ ও অবস্থানের জন্য বনগাঁ সীমান্ত এলাকা থেকে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে ভারতের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা রোববার তাদের গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালানোর সময় ২০২৫ সালের ১২ ডিসেম্বর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ফয়সালসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পল্টন মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।
ফয়সাল ভারতে আত্মগোপনে ছিল বলে তখন ধারণা করেছিল পুলিশ। তবে, ফয়সাল ফেসবুক লাইভে এসে দাবি করেছিলেন যে তিনি দুবাইয়ে রয়েছেন।












