ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের ফাওয়ালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে গৃহবধূর স্বামীকে মারধরও করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ তার স্বামী ও সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন। ঘটনার রাতে ৭-৮ জনের একটি দুর্বৃত্ত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে স্বামীকে বেঁধে ফেলে এবং গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এ ঘটনায় আজ বুধবার ভুক্তভোগীর মা বাদী হয়ে পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে সাহাব নামে একজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।












